শিরোনাম

বগুড়ার গাবতলীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টা: ছেলেকে না পেয়ে মায়ের ওপর সন্ত্রাসী হামলা

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার গাবতলী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে হত্যার উদ্দেশ্যে হামলার পরদিন তার মায়ের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় আহত নারীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।

গাবতলী থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা মোঃ মোখলেছার (৫৮) গত ৪ মার্চ গাবতলী থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে তার পরিবারের পূর্ব থেকে বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়, তার ছেলে সাফিকে হত্যার উদ্দেশ্যে ৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে হোসেনপুর স্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানের সামনে সশস্ত্র হামলা চালানো হয়। এসময় সাফি স্থানীয় লোকজনের সহায়তায় প্রাণে রক্ষা পেলেও তার বাম পায়ের গোড়ালিতে গভীর জখম হয় এবং তিনটি সেলাই দিতে হয়। হামলাকারীরা তার মোটরসাইকেল নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও উত্তেজনা অব্যাহত থাকে।

এজাহারে আরও বলা হয়, রবিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ দলবদ্ধভাবে সাফির বাড়ির পূর্বপাশের রাস্তায় অবস্থান নেয়। এসময় সাফিকে না পেয়ে তার মা হোসনে আরা বেগম (৪০) বাড়ি থেকে বের হলে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

হামলায় তার হাত, কোমর ও পিঠে গভীর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত হোসনে আরা বেগমকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ ও গভীর জখমের কারণে তার অবস্থা সংকটাপন্ন।

এ ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম সহ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে গাবতলী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে হত্যাচেষ্টা, সশস্ত্র হামলা ও মারাত্মক জখমের অভিযোগ আনা হয়েছে।

তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

No comments