বগুড়ার পরিবর্তে কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, এ লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারি থেকে তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বগুড়া থেকে কার্ড বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও উপনির্বাচনের তফসিল ঘোষণার কারণে ভেন্যু পরিবর্তন করে ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে আনা হয়েছে।
তিনি বলেন, বগুড়া সদর আসনে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতি আচরণবিধি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই ঢাকায় এই কর্মসূচি শুরু করা হচ্ছে।
সমাজকল্যাণমন্ত্রী জানান, কড়াইল বস্তিতে প্রায় ৪৪ হাজার পরিবার রয়েছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে কম্পিউটারে এন্ট্রি দেওয়া হচ্ছে। তথ্যভিত্তিক স্মার্ট কার্ড প্রস্তুত করে তা প্রিন্ট করা হবে। প্রাথমিক পরিকল্পনার তুলনায় প্রায় ছয় গুণ বেশি কার্ড প্রয়োজন হচ্ছে বলেও জানান তিনি।
কার্ডের উপকারভোগী হবেন হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবার। মন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে নারীরা ক্ষমতায়িত হবেন এবং পরিবারে শিশুদের পড়াশোনা ও পুষ্টির খাতে ব্যয় নিশ্চিত করা সহজ হবে। অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হলে উপকারভোগীর তালিকাও সময়ের সঙ্গে পরিবর্তিত হবে।

No comments