শিরোনাম

বাবা ঈদের নামাজে মা বাড়ির কাজে ব্যস্ত, সদ্য হাঁটতে শেখা মমিন ডুবল পুকুরে

চ্যানেল টেন ডেস্কঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে ডুবে প্রাণ গেল সদ্য হাঁটতে শেখা মমিনের (২০ মাস)। শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় শিশুটির বাবা গিয়েছিলেন ঈদের নামাজে ও মা ব্যস্ত ছিলেন বাড়ির কাজে।

মৃত শিশু মমিন ওই গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি বসতবাড়ির সামনে উঠানে খেলছিল। সে সদ্য হাঁটাহাঁটি শেখায় কৌতূহলবশত আশপাশে চলাফেরা করত। এ সময় তার বাবা দেলোয়ার হোসেন ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যান এবং মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর শিশুটিকে পাশে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে স্বজনরা। 

বিষয়টি নিশ্চিত করেছে নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে। জোহরের নামাজের পর শিশুটির নামাজের জানাজা এবং দাফন সম্পন্ন হয়।

No comments