শশুর ও নিজ বাড়ি বগুড়ায়, মধু শেষই হচ্ছে না ইন্সপেক্টর রাজ্জাকের: রয়েছে কোটি টাকার সম্পদ!
ফয়সাল হোসাইন সনি, বগুড়া
২৯ বছরের চাকরি জীবনের অর্ধেক সময় কর্মরত থেকেছেন বগুড়ায়। বাকি অর্ধেক সময় দেশের বিভিন্ন প্রান্তে থাকলেও মন টেকাতে পারেননি তিনি।
এই ১৯ বছরে কামিয়েছেন প্রায় অর্ধশত কোটি টাকা। বগুড়ায় গড়েছেন আলিশান বাড়ি। এছাড়াও নামে-বেনামে রয়েছে তার অঢেল সম্পদ।
ভোটার তালিকা অনুযায়ী আব্দুর রাজ্জাকের বাড়ি পাবনার সুজানগরের পোড়াডাঙ্গা এলাকায়। তবে বগুড়া শহরের জহুরুল নগর, কামারগাড়ী এলাকার বাসিন্দাও তিনি। শুধু তাই নয়, তিনি বগুড়ার জামাইও বটে। তার শ্বশুরবাড়ি জেলার দুপচাঁচিয়া উপজেলায়।
আব্দুর রাজ্জাক ২৯-০৭-১৯৯৪ সালে পুলিশ কনস্টেবল হিসেবে রাজশাহীতে যোগদান করেন। তখন থেকে ১-১০-২০০০ সাল পর্যন্ত কনস্টেবল থাকার পর এএসআই পদে পদোন্নতি পেয়ে ৩১-১০-২০০২ সালে তার শ্বশুরবাড়ি বগুড়ার দুপচাঁচিয়া থানায় যোগদান করেন। ওই থানায় ১ বছর ৩ মাস কাটানোর পর ঢাকা ডিএমপিতে যোগদান করে ১ বছর ৯ মাস ৭ দিন থাকার পর আবারও যোগদান করেন হাইওয়ে বগুড়া অঞ্চলে।
হাইওয়ে বগুড়া অঞ্চলে ৩ মাস ২৯ দিন থাকার পর বিভিন্ন রেঞ্জে ১ বছর ১ মাস দায়িত্ব পালন করে পুনরায় ‘মধু খেতে’ বগুড়ার সদর থানায় ১৬-০৫-২০১০ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে আসেন তিনি। আর সেই সময়ে পুলিশ হেডকোয়ার্টারের অনুমতি না নিয়েই তিনি বগুড়া শহরের হোল্ডিং: ১৫৯৮/বি, মৌজা/মহল্লা: কামারগাড়ী, জহুরুল নগর, বগুড়া সদরে বিলাসবহুল একটি ৫ তলা বাড়ি নির্মাণ করেন।
এরপর চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় ১ বছর ৩ মাস ১১ দিন থাকার পর ১৩-০৬-২০১২ সাল থেকে ১১-০১-২০১৭ সাল পর্যন্ত ৫ বছর ৫ মাস ২ দিন নিয়মবহির্ভূতভাবে পুলিশ হেডকোয়ার্টারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেলার সদর থানা ২ ট্রাম ও শিবগঞ্জ থানায় চাকরি করেন তিনি। ঘটনা বেগতিক দেখে জেলা ছাড়তে বাধ্য হন আব্দুর রাজ্জাক।
এরপর নওগাঁ পুলিশ লাইনে ১ বছর ৬ মাস ৭ দিন থাকার পর আবারও বগুড়া পুলিশ লাইনে যোগ দিয়ে ১১ দিন পর ইন্সপেক্টর হিসেবে আদমদিঘী থানায় যোগদান করেন। সেখানে ২ বছর থাকার পর জেলার কাহালু থানায় থাকেন ১ মাস ২৮ দিন। সেখান থেকে প্রশাসনিক কারণে তার বদলি হয় কক্সবাজারের এপিবিএন-১৪ তে। সেখানে কর্মরত থাকেন ২ বছর ১১ দিন।
সেখান থেকে আবারও বগুড়া এপিবিএন-৪ এ যোগদান করেন। এখানে ১ বছর ৮ মাস ২৩ দিন থাকার পর চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে বদলি হয় তার। এরপর থেকে দেশের বিভিন্ন জেলায় কর্মরত থাকার পর বর্তমানে নোয়াখালীর চৌমুহনী পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে কর্মরত আছেন তিনি।
আব্দুর রাজ্জাক যেখানেই থাকেন না কেন, তার মন থাকে বগুড়ায়। এ কারণে সর্বোচ্চ পর্যায়ের বিশেষ তদবিরে আবারও বগুড়ায় পোস্টিংয়ের সকল কাজ প্রায় শেষ করেছেন তিনি। কিন্তু বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনের কারণে তার বদলির কাগজপত্র বর্তমানে নির্বাচন কমিশনে রয়েছে। খুব দ্রুতই বগুড়া সদর থানায় যোগদান দেওয়ার কথা আছে তার। ইতিমধ্যে স্বাক্ষরবিহীন একটি বদলির আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে করে কিছুটা বিরম্বনায় পড়েছেন আব্দুর রাজ্জাক।
বগুড়ায় কর্মরত থাকা অবস্থায় এই কর্মকর্তার নানারকম সুনাম ও দুর্নামও রয়েছে। সুনামের মধ্যে রয়েছে—তৎকালীন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার দহরম-মহরম সম্পর্ক। বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতারা নির্বাচিত হলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিতে তরিঘরি করে চলে যেতেন বাসা কিংবা দলীয় কার্যালয়ে।
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন দলীয় মিছিলের সামনে থেকে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতেন তিনি। সাধারণ মানুষের সঙ্গেও তার বেশ সখ্যতা ছিল, কিন্তু এসবের মাঝে ছিল অর্থনৈতিক লেনদেন। অর্থ নিয়ে বিভিন্ন কাজ করে দেওয়ারও বেশ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, বগুড়া জেলার শিবগঞ্জ থানার আওতাধীন মোকামতলা ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় কাজের কথা বলে আমার এক আত্মীয়ের কাছ থেকে ১০ হাজার টাকা নেন, কিন্তু কাজের কাজও হয়নি, টাকাও ফেরত দেননি।
এরকম অসংখ্য অর্থনৈতিক লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে বগুড়া সদর থানায় কর্মরত থাকাবস্থায় রাজনৈতিক নেতাদের সঙ্গে গভীর সম্পর্ক থাকায় দাপুটে কর্মকর্তা ছিলেন তিনি। বিগত সময়ে অঢেল সম্পদের হিসাব নিতে দুদকও তলব করেছিল তাকে।
বগুড়া শহরের জহুরুল নগরে রয়েছে একটি ৫ তলা বিলাসবহুল বাড়ি। এছাড়াও বগুড়া শহরে তার একাধিক স্থাপনা ও নামে-বেনামে আরও সম্পদ রয়েছে বলে বেশ আলোচনা রয়েছে।
বিষয়গুলো জানতে চাইলে ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বলেন, “আমার একটি বদলির আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু কিভাবে হলো আমি নিজেও জানি না। তবে এই মুহূর্তে বগুড়ায় চাকরি করার ইচ্ছা আমার নেই।”
তবে তিনি স্বীকার করেন যে তিনি বগুড়ার ভোটার হয়েছেন এবং বর্তমানে বগুড়ার বাসিন্দা।

No comments