শিরোনাম

জামায়াতে যোগ দিয়েছেন লক্ষ্মীপুরের বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মী

চ্যানেল টেন ডেস্কঃ

লক্ষ্মীপুরের বিএনপি, জাতীয়পার্টি ও বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোঁরায় তাদেরকে বরণ করে নেয় জেলা জামায়াত। তবে বিএনপির দাবি, যোগদানকৃত কেউই তাদের নেতাকর্মী নয়, তারা আগেই জামায়াতের সঙ্গে যুক্ত ছিল। 

যোগদান অনুষ্ঠানে লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, নাসির উদ্দিন মাহামুদ, জামায়াতের যুব বিভাগের শহর সভাপতি নাছির উদ্দিন ও আইনজীবী নেতা মাহির আসহাব প্রমুখ।

যোগদানকৃতদের মধ্যে লক্ষ্মীপুর পৌর যুবদল সদস্য মেহেদী হাসান হেদায়াত, পৌর ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, ১৪নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা রয়েছেন। তারা নিজেকে স্ব স্ব পদবির নেতা বলে দাবিও করেছেন।

জোবায়ের হোসেন সুজন বলেন, আমি স্বেচ্ছাসেবক দলে ছিলাম। এখন জামায়াতে যোগ দিয়েছি। এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ বিভিন্ন বয়সের নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। যা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, লোকগুলো জামায়াতেরই ছিল। তারা আগ থেকেই জামায়াত করে। এখন দেখাচ্ছে অন্যদলের। আমি কাউকে চিনি না।

No comments