জামায়াত জোটের প্রার্থী আতাউল্লাহ আমিনের বাড়িতে বিএনপি নেতার হামলা, নারীদের হেনস্তা
আজ ৯ ফেব্রুয়ারি, সোমবার কিশোরগঞ্জ–৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনের বাড়িতে নির্বাচনী গণসংযোগে নিয়োজিত মহিলা কর্মীদের ওপর সুমন, রুবেল, সবুজসহ একদল চিহ্নিত সন্ত্রাসী এবং ভৈরব পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির পদধারী নেতাকর্মীরা নেক্কারজনক ও বর্বরোচিত হামলা চালিয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সন্ত্রাসীরা মাওলানা আতাউল্লাহ আমিনের বোনের গায়ে হাত তোলে এবং তার স্বামীকে গুরুতরভাবে আহত করে। স্থানীয় জনগণের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।
তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বললেও এখন পর্যন্ত হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি—যা অত্যন্ত উদ্বেগজনক ও প্রশ্নবিদ্ধ। স্থানীয় বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী আসন্ন পরাজয় আঁচ করতে পেরে পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
মাওলানা মামুনুল হক বলেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে রিকশা প্রতীকের প্রার্থীদের ওপর প্রতিপক্ষের লোকজন ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। ফরিদপুর–২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আকরাম আলীর গাড়িতে প্রকাশ্য হামলার ঘটনা ঘটেছে, যা স্পষ্টভাবে প্রমাণ করে—একটি কুচক্রী মহল সারা দেশে ভয় ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়।
তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং সকল প্রার্থীর জন্য সমান নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় এর দায় রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

No comments