শিরোনাম

পটুয়াখালীর কলাপাড়ায় সেতুর সাটার ভেঙে নদীতে পড়ে নিহত ১

চ্যানেল টেন ডেস্ক ঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম বা লোহার সাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছে অন্তত ১০ শ্রমিক।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সেতুর লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম রাসেল হাওলাদার। তিনি টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপরে লোহার সাটারের উপর বসে রড বাঁধাইয়ের কাজ শুরু করে। বেলা সাড়ে দশটার দিকে হঠাৎ চেইন ছিঁড়ে শ্রমিকসহ সাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত ১১৮০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন কর্পোরেশন (সিসিইসিসি) নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১২ মার্চ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তা সরঞ্জামে অনেকটা ঘাটতি ছিল বলে জানায় শ্রমিকরা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

No comments