বগুড়া-২ আসনে বিএনপি প্রার্থীর অনুগত পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব প্রদান!
বগুড়া প্রতিনিধিঃ
পক্ষপাতিত্বের অভিযোগে আগেই প্রত্যাহার হওয়া শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নানকে আবারও শিবগঞ্জ থানায় নির্বাচনী মোবাইল টিমের দায়িত্বে ফেরানো হয়।
তবে তার নিরপেক্ষতা নিয়ে জামায়াত ও এনসিপির অভিযোগের পর তাকে পুনরায় প্রত্যাহার করে গাবতলী থানা এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জেলা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান শিবগঞ্জ থানার ওসির দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর ‘জুলাই আন্দোলন’কে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা নথিভুক্ত করা নিয়ে তিনি বিতর্কিত হয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, অসংখ্য বিএনপি নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়। এছাড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে ওসি হান্নান ‘স্যার’ সম্বোধন করতেন বলে স্থানীয়ভাবে আলোচনা ওঠে। বিষয়টি জানাজানি হলে তাকে প্রত্যাহার করে কাহালু থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়। সেখানেও তিনি দীর্ঘদিন দায়িত্বে থাকতে পারেননি। পরবর্তীতে তিনি কমিউনিটি পুলিশিংয়ে কর্মরত ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচনের দিনে আব্দুল হান্নানকে শিবগঞ্জ উপজেলার নির্বাচনী মোবাইল টিম-১৩ এর দায়িত্ব দেওয়া হয়। তিনি ১০টি ভোটকেন্দ্রের মোবাইল ডিউটির দায়িত্বে ছিলেন।
বুধবার তিনি নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন শুরু করলে বিষয়টি জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের নজরে আসে। পরে তাদের অভিযোগের ভিত্তিতে তাকে সেখান থেকে প্রত্যাহার করে গাবতলী থানা এলাকায় দায়িত্ব দেওয়া হয়।

No comments