বগুড়ায় মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষ, আহতদের উদ্ধার করল সেনাবাহিনী
বগুড়ায় মধ্যরাতে দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার দিবাগত রাত দুইটার দিকে শহের মাটিডালি বিমান মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প সূত্র জানায়, জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যরাতে সেনাবাহিনী টহল কার্যক্রম চালাচ্ছিল।
এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরের মাটিডালি বিমানমোড়ে ঢাকাগামী একটি স্লিপার কোচের সাথে উল্টো পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনাটি সেনাবাহিনীর টহল দলের নজরে আসলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে৷ যাত্রীবাহী বাসের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এছাড়াও আহত অবস্থায় বাসে থাকা অন্তত ৩৫ যাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে সেনাবাহিনী। তবে দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ও সহকারী পালিয়ে যাওয়ার তাদের আটক করা সম্ভব হয়নি।
সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ জানান, রাতে নিরাপত্তা টহলের সময় দুর্ঘটনার বিষয়টি নজরে আসলে দ্রুত আক্রান্তদের উদ্ধার করা হয়। এছাড়াও দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ আইনী ব্যবস্থা নিবে।
No comments