বরিশালে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা
চ্যানেল টেন ডেস্কঃ
বরিশাল সদর উপজেলার রায়পাশা–কড়াপুর ইউনিয়নে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম দেলোয়ার হোসেন চৌধুরী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার বৌসেরহাট বাজারের অদূরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার একটি দল রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দেলোয়ার হোসেনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকির চৌধুরী ও তাঁর ছোট ভাই কবির চৌধুরীর বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা দাবি করেন।
পুলিশ বলছে, হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

No comments