শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর ঃ
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থাগার হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে গ্রন্থাগার দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের ডিভাইস নির্ভরতা কমিয়ে কাগজের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানান এবং আলোকিত সমাজ ও দেশ গঠনে বই পাঠের গুরুত্ব তুলে ধরেন।
No comments