মোহামেডানের সভাপতি পদে মনোনয়ন কিনলেন বুলু
চ্যানেল টেন ডেস্কঃ
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে এসে কিছুটা উত্তাপ টের পাওয়া গেল! মঙ্গলবার প্রথম দিন ছিল শূন্য, গতকাল দ্বিতীয় দিনে বিক্রি হলো ১৬ মনোনয়নপত্র।
এদিন বিক্রি হওয়া ১৬ মনোনয়ন পত্রের ১৫টি পরিচালক পদের বিপরীতে বিভিন্ন ব্যক্তি সংগ্রহ করেছেন, একটি ছিল সভাপতি পদের বিপরীতে। ৯ মার্চ অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ক্লাবটির নির্বাচন। সভাপতি পদে একমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ক্ষমতাসীন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিএনপির এই শীর্ষ নেতা ব্যক্তিগত সহকারীর মাধ্যমে দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ক্লাবটির সাবেক ডিরেক্টর ইনচার্জ মো. লোকমান হোসেন ভূঁইয়া পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করা বাকি ১৪ জন হলেন—আমিরুল ইসলাম বাবু, সারওয়ার হোসেন, মাসুদুজ্জামান, আবদুর রব মাহবুব, আবু হাসান চৌধুরী প্রিন্স, জামাল রানা, জহির আহমেদ, নাসির উদ্দিন চৌধুরী, মির্জা ইয়াসির আব্বাস, নিলোফার চৌধুরী মনি, সরকার মাহবুব আহমেদ, এম এ সালাম, খায়রুল কবির খোকন ও গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অব.)। ঘোষিত তপশিল অনুযায়ী আজ এবং আগামীকাল নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১৬ পরিচালক ও একজন সভাপতি নির্বাচন করার দায়িত্ব ৩৭১ ভোটারের, যার তিনজন দাতা সদস্য, বাকি ৩৬৮ জন ক্লাবের স্থায়ী সদস্য।
No comments