শিরোনাম

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্র শক্তির নেতা আহত


চ্যানেল টেন ডেস্ক ঃ

জধানীর কদমতলী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. তানভীর আলম (১৯) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি কদমতলী থানার এনসিপির ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সোনারগাঁ ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

আহতকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী সাদেক মির্জা বলেন, রাত সাড়ে ১১টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে তিন-চার অজ্ঞাত দুর্বৃত্ত হঠাৎ তানভীরের ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে কুপিয়ে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা তার ডান কাঁধের পেছনে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

No comments