শিরোনাম

বগুড়ায় সাহরির সময় ইয়াবা পাচারকালে গ্রেপ্তার ২



চ্যানেল টেন ডেস্কঃ

পবিত্র রমজান মাসের সাহরির সময়ের সুযোগ নিয়ে বাসে করে ইয়াবা পাচারকালে ৩ হাজার পিস ইয়াবাসহ বগুড়ায় দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবারর (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বোনগাঁও কালিতলা গ্রামের মো. মানারুল ইসলাম ওরফে মান্না (২৮) এবং একই উপজেলার মেদনী সাগর ফজুপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৩০)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের একটি দল নওদাপাড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অবস্থান নেয়।

রাত সোয়া ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী তাজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছলে সংকেত দিয়ে থামানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের জি-১ ও জি-২ নম্বর সিটে বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৩ হাজার পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের কাছ থেকে ইয়াবাসহ দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, রমজানে সাহরির সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি কিছুটা শিথিল থাকতে পারে, এমন ধারণা থেকে তারা এই সময়টিকে মাদক পাচারের জন্য বেছে নিয়েছিলেন।

উল্লেখ্য, বাসে তাদের কাছে কোনো টিকিট ছিল না।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের এসআই মো. শাহ আলম বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদক পাচারকারিরা ধর্মীয় আবেগের সময়টিকে সুযোগ হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

No comments