শিরোনাম

বগুড়ার শিবগঞ্জে নির্বাচন বর্জনের ঘোষণা সাবেক এমপি জিন্নাহর

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদ সদস্য প্রার্থী (লাঙ্গল প্রতীক) ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শিবগঞ্জবাসীর উদ্দেশ্যে দেওয়া এক খোলা চিঠিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। চিঠিতে তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণভাবে অনুপস্থিত।

শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, তার ও তার সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে এলাকা ছাড়া করা হয়েছে এবং নিয়মিত ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন, রাজনীতি হবে উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিহিংসার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়; বরং ভয় ও জবরদস্তিকে বৈধতা দেওয়া হচ্ছে। শিবগঞ্জের মানুষের সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পারায় তিনি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান।

সাবেক এই সংসদ সদস্য বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শিবগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। তিনি কখনোই চান না যে, তার বা তার দলের কোনো নেতাকর্মীর কারণে শিবগঞ্জের মানুষের ওপর অন্যায় বা অবিচার নেমে আসুক।

চিঠির শেষাংশে শরিফুল ইসলাম জিন্নাহ শিবগঞ্জবাসীর প্রতি শান্তি, ন্যায় ও সত্যের পক্ষে থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন বর্জন মানে রাজনীতি থেকে সরে যাওয়া নয়; এটি ন্যায় ও ন্যায্যতার পক্ষে একটি প্রতিবাদ। শিবগঞ্জের শান্তি ও উন্নয়ন জনগণের অধিকার এই অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

No comments