ভোটকেন্দ্রে ‘অবৈধ অনুপ্রবেশ’ অভিযোগে বগুড়ায় জামায়াত নেতা আটক
বগুড়া প্রতিবেদকঃ
বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাতে নাসিরুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জামায়াত নেতা নাসিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরও বলেন, আটক ব্যক্তিরা দাবি করেছেন তারা পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং কর্মকর্তার কাছে জমা দিতে কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে তালিকা দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
এদিকে বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, শুধুমাত্র পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা। সেখানে বিএনপি নেতাকর্মীরা মব তৈরি করে জামায়াত নেতাকে আটক করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

No comments