শিরোনাম

নওগাঁয় জামায়াতে ইসলামীতে যোগ দিলেন সনাতন ধর্মের ৫ যুবক

চ্যানেল টেন ডেস্কঃ

নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী পাঁচ যুবক। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় তারা দলটিতে যোগদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে নওগাঁ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম নবাগতদের ফুলেল মালা দিয়ে বরণ করে নেন।জামায়াতে যোগ দেয়া যুবকরা হলেন- শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুল পাড়া গ্রামের শ্রী কালিদাস, শ্রী শুভ, শ্রী খলিল, শ্রী সজিব রায় এবং শ্রী রাজকুমার।

জামায়াতে ইসলামীতে যোগদানের পর অনুভূতি ব্যক্ত করে শ্রী রাজকুমার বলেন, বাংলাদেশে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে জামায়াতের আদর্শ ভালো লেগেছে। তাদের কথা এবং কাজের সঙ্গে মিল পেয়েছি। যার কারণে দলে যোগ দিয়েছি। তাদের সঙ্গে থেকেই রাজনীতি করতে চাই। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আগামীর বাংলাদেশে বিভাজনের কোনও রাজনীতি থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলা হবে। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন জামায়াতে যোগ দিচ্ছেন। মানুষ ৫ আগস্টের পর পরিবর্তন দেখতে চায়। জামায়াতের হাত ধরেই সেই পরিবর্তন দেখতে পারবে।

এ সময় অনুষ্ঠানে এনসিপির যুব বিভাগের যুগ্ম সদস্য সচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য এস এম জুবায়ের, নিয়ামতপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

No comments