স্পোর্টসম্যানকে কখনো খারাপ কাজে জড়িত হতে দেখিনি : সেনাপ্রধান
চ্যানেল টেন ডেস্কঃ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, তরুণ প্রজন্মের চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমি জীবনে কখনো কোনো স্পোর্টসম্যানকে খারাপ কাজে জড়িত হতে দেখিনি।
খেলাধুলার সঙ্গে যুক্ত কাউকে গাঁজা খাওয়া বা অসামাজিক কাজে লিপ্ত হতে দেখিনি। এ কারণেই ইয়াং জেনারেশনের চরিত্র গঠনে গেমস অ্যান্ড স্পোর্টসের বিকল্প নেই।”
রোববার (১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর সভাপতি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, তরুণ-তরুণীদের আরও বেশি করে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা তৈরি করা হলে তাদের আগ্রহ স্বাভাবিকভাবেই বাড়বে। “বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নিতে ইয়াং জেনারেশনের আগ্রহের কোনো অভাব নেই—শুধু প্রয়োজন উপযুক্ত ফ্যাসিলিটি,” বলেন তিনি।
তিনি জানান, ত্রিশালে নির্মাণাধীন অলিম্পিক ভিলেজে জাতীয় পর্যায়ের সব ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক ইভেন্টগুলোও এখানে অগ্রাধিকার পাবে।
সেনাপ্রধান বলেন, “সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী কিংবা দেশের যেকোনো ক্রীড়াবিদ এখানে অনুশীলন করতে পারবে। এটি সবার জন্য উন্মুক্ত—‘ওপেন ফর অল’।”
এই প্রকল্প দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরে ত্রিশালে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সেনাপ্রধান।
ময়মনসিংহ সফরকালে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনারসহ অসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments