বগুড়ার ধুনট থানার সাবেক ওসির বিলাসবহুল ভবন! উঠছে নানা প্রশ্ন
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম কর্তৃক শহরের জামিলনগর এলাকায় “ইসামতি ভবন” নামে একটি পাঁচতলা বিশিষ্ট বিলাসবহুল ভবন নির্মাণের সন্ধান মিলেছে।
ভবনটির জন্য পুলিশ মহাপরিদর্শক এর কোন অনুমোদন নেওয়া হয়নি। যদিও পুলিশ রেগুলেটরি বেঙ্গল (পিআরবি)'তে বলা হয়েছে, কোন পুলিশ কর্মকর্তা কর্মস্থলে স্থায়ী স্থাপনা ও ব্যবসা করতে হলে পুলিশ মহাপরিদর্শক এর অনুমোদন লাগবে। ফলে সরকারি কর্মকর্তার আয়ের উৎস ও আইন মানা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
জানা যায়, বগুড়া শহরের জামিলনগর গ্রিনল্যান্ড মসজিদ সংলগ্ন পুকুরের পাশে নির্মিত হয়েছে এই ভবন। নিচতলায় রয়েছে গ্যারেজ, উপরের তলাগুলো আবাসিকভাবে সাজানো হয়েছে। ভবনের তৃতীয় তলায় বর্তমানে বসবাস করছেন ধুনট থানার সাবেক ওসি’র পরিবার। ওসি সাইদুল আলম বর্তমানে রাজশাহী জেলার বাগমারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত। যাহার বিপি নং ৭৯০৬১০৩১৫৫।
ভবনটিতে একটি আধুনিক লিফট স্থাপন করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২৭ লক্ষাধিক টাকা। একজন সরকারি কর্মকর্তার আয়ে এমন ভবন নির্মাণ ও সরঞ্জাম কেনা প্রশ্নবিদ্ধ।
খোঁজ নিয়ে জানা গেছে, “ইসামতি ভবন”-এর মালিকানায় ওসি সহ চারজন অংশীদার রয়েছেন। তবে নথিপত্রে কে প্রকৃত মালিক তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
স্থানীয় বাসিন্দারা বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে সীমিত আয়ে এমন পাঁচতলা ভবন নির্মাণ এবং অংশীদারিত্বের মাধ্যমে সম্পদ অর্জন কতটা আইনসম্মত, তা দুদকের মাধ্যমে তদন্ত করা প্রয়োজন। তারা আরও জানান, ওসি প্রায়ই শহরে অবস্থান করেন এবং তার বিলাসবহুল জীবনযাপন এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
ওসি’র জন্ম ও স্থায়ী বাড়ি পাবনা জেলায়। তবুও তিনি বগুড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় এই বিশাল ভবন নির্মাণ করেছেন, যা প্রশাসনিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে।
বিষয়টি জানতে একাধিকবার ফোন দিলেও ওসি ফোন রিসিভ করেননি।

No comments