বগুড়ায় ১৪৪ ধারা ভেঙে দাপট, প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বাড়ি নির্মাণ
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট থানা এলাকায় ১৪৪ ধারার নোটিশ অমান্য করে এক বিবাদমান জায়গায় বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। ২ ফেব্রুয়ারি, সোমবার, উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের হোসেন আলীর ছেলে মোস্তফা কামালের সঙ্গে একই গ্রামের শমসের আলীর ছেলে আব্দুস সামাদ এবং তার লোকজনের ১০ শতক জায়গা নিয়ে বিরোধ রয়েছে। দীর্ঘদিন ধরে আব্দুস সামাদ ও তার পরিবার ওই জায়গায় বসবাস করে আসছে। ২৫ জানুয়ারি, আব্দুস সামাদ ওই জায়গায় অবস্থিত বাড়ির সংস্কার কাজ শুরু করেন।
এ ঘটনায়, ২৮ জানুয়ারি মোস্তফা কামাল বাদি হয়ে আব্দুস সামাদসহ পাঁচজনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন। এর পর, ২৯ জানুয়ারি থানা পুলিশ উভয়পক্ষকে ১৪৪/১৪৫ ধারায় নোটিশ জারি করে। নোটিশে বলা হয়, যে পক্ষ যে অবস্থানে আছেন, তারা সে অবস্থানে থাকবেন।
তবে পুলিশি নোটিশ অমান্য করে আব্দুস সামাদ ও তার লোকজন বিবাদমান জায়গায় একটি পাকাঘর নির্মাণ শুরু করেন।
এ বিষয়ে, আব্দুস সামাদ জানান, এ জায়গায় আমরা দীর্ঘদিন ধরে বসবাস করছি। মোস্তফা কামাল আমাদের হয়রানির জন্য মিথ্যা মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, এই জায়গায় জোরপূর্বক বাড়ি নির্মাণের চেষ্টা করছে তারা। আমি বাধা দিলে তারা আমার ওপর হামলা করে। পরে আইনের আশ্রয় নিলে আদালত তদন্তের নির্দেশ দেন। এমন অবস্থায়, তারা কয়েকজনের সঙ্গে এসে জোরপূর্বক বাড়ির দেয়াল তৈরি করছে।
তিনি আরও বলেন, প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও তারা কোন ব্যবস্থা নেয়নি। কাজ শেষে প্রশাসন পুলিশ এসে এসেছে।
এ বিষয়ে, ধুনট উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ খায়রুজ্জামান বলেন, আমি এ বিষয়ে অবগত নই, তবে কেউ যদি জোরপূর্বক দখলের অভিযোগ করেন, তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

No comments