পথসভায় বক্তব্যকালে মঞ্চ ভে ঙে পড়ে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
চ্যানেল টেন ডেস্কঃ
পথসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ আহত হয়েছেন। এ ঘটনায় সভাস্থলে মুহূর্তের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্য চলাকালে মঞ্চের একটি অংশ হঠাৎ দেবে গেলে সালাহউদ্দিন আহমেদ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। সঙ্গে থাকা নেতাকর্মীরাও পড়ে যান। পরে দ্রুত তাঁকে সহযোগিতার মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, মঞ্চটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল এবং অতিরিক্ত চাপের কারণেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পথসভা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
দলীয় সূত্র জানায়, সালাহউদ্দিন আহমেদের আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা মঞ্চ নির্মাণে অবহেলার অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী প্রচারণায় নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতির ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পথসভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ ও বিশৃঙ্খলা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

No comments