শিরোনাম

আমরা যদি কেউ ভোট না দেই, তাও মীর শাহে আলম পাশ করবে!


বগুড়া প্রতিনিধিঃ 

“আমরা যদি কেউ ভোট না দেই, তাও মীর শাহে আলম পাশ করবে”—এমন একটি মন্তব্যকে ঘিরে বগুড়ায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তব্যটি নিয়ে ইতোমধ্যে জেলাজুড়ে বিতর্কের ঝড় উঠেছে।

জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন এক উঠান বৈঠকের সময় এই মন্তব্য করেন বলে দাবি করা হচ্ছে। বক্তব্যের একটি অংশ ভিডিও ও অডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

তবে এ বিষয়ে প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন দাবি করেন, তার বক্তব্যের একটি অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেটে-ছেঁটে (এডিট করে) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তিনি বলেন,“আমি কথাটি বলেছি ঠিকই, কিন্তু এর আগে ও পরে যা বলা হয়েছিল তা বাদ দিয়ে শুধু একটি অংশ ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।”

এদিকে, মন্তব্যটি নির্বাচন ব্যবস্থা ও ভোটারদের প্রতি অবজ্ঞাসূচক বলে অভিযোগ তুলে বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে ওই আসনসহ পুরো জেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা।

স্থানীয় সচেতন মহল মনে করছে, নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে এ ধরনের মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

No comments