বগুড়া-৪: জামায়াত প্রার্থীর দেশে আয় নাই, বিদেশ থেকে বার্ষিক আয় ৪.৩৯ লাখ, বাড়ি আছে তুরস্কে
বগুড়া প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী‘র প্রার্থী মোঃ মোস্তফা ফয়সাল। তিনি এবারই প্রথম প্রার্থী হয়েছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রীধারী।
নির্বাচনে প্রার্থিতার জন্য মোস্তফা ফয়সাল তার হলফনামায় উল্লেখ করেছেন, তার নামে ২০১২ সালে ঢাকা মেট্রোপলিটন আদালতে একটি মামলা হয়েছিল সেই মামলায় ২০২৫ সালে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
হলফনামায় তিনি উল্লেখ দেশের ভেতরে তার কোনো আয় নেই। তবে বিদেশ থেকে তার বার্ষিক আয় দেখিয়েছেন (পেশা- শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক ইত্যাদি) ৪ লাখ ৩৯ হাজার টাকা। এছাড়া তার কাছে নগদ রয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা, ৩ লাখ টাকার ইলেক্ট্রনিক সামগ্রী ও ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। বৈবাহিক সূত্রে পাওয়া তার স্ত্রীর তাসলিমা জাহান সুরাইয়ার রয়েছে ৫০ ভরি স্বর্ণ। যার বর্তমান মূল্য আনুমানিক ৯৫ লক্ষ টাকা ধরা হয়েছে।
জামায়াতের এই প্রার্থী তার হলফনামায় স্থাবর সম্পদ দেখিয়েছেন, দেশে তার ১ শতাংশ জমির একটি ফ্লাট রয়েছে। তুরস্কে তার নামে রয়েছে একটি ফ্লাট যা তিনি দান সূত্রে পেয়েছেন। তুরস্কের ফ্ল্যাটটির অর্জনকালীন মূল্য ছিল ৬৫ লক্ষ টাকা। তার নামে যে স্থাবর সম্পদ রয়েছে তার বর্তমান মূল্য উল্লেখ করা হয়েছে ৯৫ লক্ষ টাকা। যৌথ মালিকানায় ফয়সালের নামে অকৃষি জমি রয়েছে দশমিক ৩৭ শতাংশ যার বর্তমান মূল্য ধরা হয়েছে ৪ লক্ষ টাকা।
এছাড়া তার স্ত্রীর নামে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় রয়েছে দুইটি ফ্লাট যার দাম উল্লেখ করা হয়েছে ৫০ লক্ষ টাকা।
ফয়সাল ২০২৫-২৬ সালে তার সর্বশেষ আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৮৭ লক্ষ ৬৯ হাজার টাকার। আয়কর দিয়েছেন ৫০০০ টাকা। আয়কর রিটার্নে আয়ের পরিমাণ দেখানো হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার টাকা।
No comments