মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা ১২ মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য কুতুবুদ্দিন।
সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তারা আগামী দিনে সুখী ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি মাগুরার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এসময় বক্তারা আরও বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য বজায় রেখে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
No comments