বগুড়ায় চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স, ঈদেই নতুন শাখার সুখবর
স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের জালকুঁড়ি এলাকায় সীমান্ত টাওয়ারে নির্মাণাধীন মাল্টিপ্লেক্সটির কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। আগামী ঈদুল ফিতরে এটি আনুষ্ঠানিকভাবে দর্শকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই শাখায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন তিনটি সিনেমা হল থাকবে।
অন্যদিকে উত্তরাঞ্চলের দর্শকদের জন্য সুখবর নিয়ে আসছে বগুড়ার নতুন স্টার সিনেপ্লেক্স। শহরের পুলিশ প্লাজায় নির্মাণাধীন এই শাখায় দুটি হল থাকবে। চলতি বছরের মধ্যেই এটি উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশজুড়ে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছে। নারায়ণগঞ্জ ও বগুড়ার প্রকল্প দুটি তারই অংশ, যদিও কাজ শুরু হয়েছিল বেশ আগেই। কিছু কারিগরি ও অবকাঠামোগত কারণে শেষ হতে সময় লেগেছে।
তিনি আরও জানান, শুরুতে বড় শহরগুলোকে গুরুত্ব দেওয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও মাল্টিপ্লেক্স সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্স-এর কাজও প্রায় শেষ পর্যায়ে। মালিকপক্ষ জানিয়েছে, প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় এটি চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
No comments