রাজনৈতিক প্রভাবে মিথ্যা মামলা রেকর্ডের অভিযোগে সংবাদ সম্মেলন
স্থানীয় রাজনৈতিক প্রভাবে থানা পুলিশের পক্ষপাতমূলক আচরণ ও মিথ্যা মামলা রেকর্ডের মাধ্যমে পুলিশি হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন রিয়াজ উদ্দিন নামে এক ডিম ব্যবসায়ী।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের রাজনৈতিক প্রভাবে তার বৃদ্ধ মায়ের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় মামলা গ্রহণ না করে উল্টো কোনো প্রমাণ ছাড়াই তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা রেকর্ড করা হয়েছে।
রিয়াজ উদ্দিন জানান, গত ৮ জানুয়ারি সকালে তার মা মোছা. রাহেলা বেগম (৭০) ধান বিক্রির পাওনা ৩৫ হাজার টাকা চাইতে সৎ ভাই শফিকুল ইসলাম ও হাফিজুর রহমানের বাড়িতে গেলে তারা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার অসুস্থ ও মানসিকভাবে অক্ষম বাবাকে দিয়ে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি নিজেদের নামে লিখে নিয়েছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি; বরং প্রতিপক্ষের করা একটি মিথ্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার আতঙ্ক ও প্রাণনাশের হুমকিতে পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বিষয়টি তার নজরে আসেনি। তবে অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
No comments