শিরোনাম

বিয়েতে ১৬ লাখ ও সন্তান হলে ৩২ লাখ , চমকে দিলো প্রতিষ্ঠান

 চ্যানেল টেন ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ তাদের কর্মীদের পরিবার গঠনে উৎসাহিত করতে এক নজিরবিহীন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দুবাইয়ের বিশিষ্ট ধনকুবের খালাফ আল হাবতুর জানিয়েছেন, গ্রুপে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে এককালীন ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার সমান

এখানেই শেষ নয় এই উদ্যোগ। বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে যদি দম্পতির সন্তান জন্ম নেয়, তাহলে ওই আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর বলেন, বিবাহ ও পরিবার গঠন কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি সমাজ ও রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে হলে স্থিতিশীল পারিবারিক কাঠামো অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমিরাত সরকার দীর্ঘদিন ধরেই যুবসমাজকে পারিবারিক জীবন শুরু করতে নানাভাবে সহায়তা দিয়ে আসছে। তবে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বেসরকারি খাতেরও দায়িত্ব রয়েছে বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা বর্তমানে প্রায় এক কোটি ১৫ লাখ হলেও স্থানীয় আমিরাতিদের হার মাত্র ১৫ শতাংশের কাছাকাছি। জনসংখ্যার ভারসাম্য বজায় রাখা এবং স্থানীয় তরুণদের স্বাবলম্বী করতে ফেডারেল ও স্থানীয় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

বিশ্লেষকদের মতে, আল হাবতুর গ্রুপের এই নতুন উদ্যোগ সরকারি প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। মূলত অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে তরুণ প্রজন্মকে সুস্থ ও স্থিতিশীল পারিবারিক জীবনে উৎসাহিত করাই এই অনুদান কর্মসূচির প্রধান লক্ষ্যর্র্।

No comments