ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে আমাকে আগে জানাতে হবে, ইউএনওকে বিএনপি নেতা
ইউনিয়ন পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হলে আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করতে হবে- এমন দাবি করেছেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কলমাকান্দা উপজেলার লেংগুরা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগে পারভেজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
এ ঘটনার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে আপত্তি জানান এবং আদালতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
ঘটনার প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে ইউপি চেয়ারম্যানকে বলতে শোনা যায়, কি করছেন এটা বলেন না আমাকে। আপনি ম্যাজিস্ট্রেট, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। মোবাইল কোর্ট হচ্ছে- স্বাক্ষর করার আগে আমাকে বলেন। ইউএনও সাহেব আমাকে বলেন, আপনি আছেন ঠিক আছে। আমার ইউনিয়ন এটা। এখানে মোবাইল কোর্ট পরিচালনা করতে হলে আগে আমাকে বলতে হবে।
এ সময় ইউএনও মাসুদুর রহমান জানতে চান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগে চেয়ারম্যানের অনুমতি নেয়ার বিধান কোন আইনে রয়েছে? জবাবে ইউপি চেয়ারম্যান বলেন, এটি চেয়ারম্যানের আইনে আছে।
এ বিষয়ে লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তেমন কিছু না। গত বছর বাজারে আগুন লেগে কিছু দোকান পুড়ে যায়। পরে সেগুলো পুনর্নির্মাণের কাজ শুরু হলে ভ্রাম্যমাণ আদালত এসে একজনকে গ্রেপ্তার করেন। এ নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। আর অনুমতি নেয়ার কথা মুখ ফসকে বেরিয়ে গেছে।
অন্যদিকে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাইদুর রহমান আমাদের কাজে বাধা দেন এবং বলেন তার ইউনিয়নে আদালত পরিচালনা করতে হলে তার অনুমতি নিতে হবে। এটি সরাসরি আইনের পরিপন্থি। কোনো জনপ্রতিনিধি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে অনুমতির শর্ত আরোপ করতে পারেন না। এ ঘটনায় আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
No comments