বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উসামা বললেন—‘আমার তোলা ছবি’
চ্যানেল টেন ডেস্কঃ
সদ্য জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া আলোচিত মুফতি আলী হাসান উসামাকে এক হাজার টাকাসহ খাম ও জায়নামাজ উপহার দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল হকের বিরুদ্ধে। ধানের শীষ প্রতীক ও আমিনুল হকের নাম লেখা খামটির ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নেটিজেনদের অভিযোগ, আসনের একাধিক মসজিদের খতিবকে নিজের পক্ষে টানতে এমন আর্থিক উপহার দিচ্ছেন আমিনুল হক। তবে তার পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া খামটিতে প্রাপকের অংশে লেখা রয়েছে, ‘জনাব, খতীব সাহেব, বায়তুস সালাত জামে মসজিদ।’ এর নিচেই লেখা ‘১০০০/=’, যা টাকার অঙ্ক প্রকাশে বহুল ব্যবহৃত পদ্ধতি। খামের মাঝ বরাবর ওপরের অংশে বিএনপির দলীয় পতাকা, বাম পাশে বড় করে ধানের শীষের প্রতীক এবং দলীয় প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বায়তুস সালাত জামে মসজিদটি মিরপুরের পল্লবীতে অবস্থিত। দীর্ঘদিন ধরে এ মসজিদের খতিব হিসেবে রয়েছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আলী হাসান উসামা। সম্প্রতি তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দিয়েছেন।
খামের ছবিটি ফেসবুকে পোস্ট করে মুফতি গোলাম রাব্বি ইসলাম নামে এক ব্যক্তি লিখেছেন, ‘মসজিদের খতিবকে ধানের শীষের পক্ষে প্রচার করার জন্য ১ হাজার করে দিয়েছেন ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এভাবে টাকা দেওয়া কতটুকু বৈধ?’
তিনি বলেন, ‘আপনি হাদিয়া দিতেই পারেন,কিন্তু এভাবে দলীয় প্রতীক সহকারে খামের মাধ্যমে? কি মনে হয়, ১ হাজার টাকা দিয়ে আমাদেরকে কেনা যাবে? আরে বাবা, আমাদের এক দিনের ইনকাম সম্পর্কে জানো? এরা সবাইকে জমিয়তের মৌলোভী মনে করে, মনে করে জমিয়তের মতো সবাইকে কেনা যাবে!’
No comments