স্বীকৃতির দাবিতে অনশন, ডিএনএ পরীক্ষায় মিললো পিতৃ পরিচয়
চ্যানেল টেন ডেস্কঃ
পটুয়াখালীর বাউফলে সন্তানের পিতৃপরিচয় ও স্বীকৃতির দাবিতে ছয় মাসের শিশুকে কোলে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করেছিলেন নিপা আক্তার (২৩)। দীর্ঘ বিরোধের পর ডিএনএ পরীক্ষায় শিশুটির জৈবিক বাবা হিসেবে কবির হাওলাদারকে শনাক্ত করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে কবির হাওলাদারকে শিশুটির বাবা হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, পিতৃত্ব নির্ধারণের জন্য নিপা আক্তার, তাঁর শিশুসন্তান আরিয়ান এবং কবির হাওলাদারের নমুনা সংগ্রহ করা হয়। নিপার রক্ত, শিশুটির মুখের ভেতরের কোষের দুটি নমুনা (বাক্কাল সোয়াব) এবং কবির হাওলাদারের রক্তের নমুনা ফরেনসিক সিআইডিতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে কবির হাওলাদারকে শিশুটির জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়।
এর আগে গত ২০ এপ্রিল উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাগা গ্রামে কবির হাওলাদারের বাড়িতে অবস্থান নেন নিপা। সঙ্গে ছিল তাঁর ছয় মাস বয়সী শিশুসন্তান। নিপার আসার খবর পেয়ে কবির ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিপার আগে জহির নামের এক ইটভাটা শ্রমিকের সঙ্গে বিয়ে হয়েছিল। তাঁদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। প্রায় দেড় বছর আগে স্বামী কাজের জন্য বাড়ির বাইরে গেলে প্রতিবেশী কবির হাওলাদারের সঙ্গে নিপার সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।

No comments