শিরোনাম

ফেসবুকে অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক, বগুড়ায় ‘সুইট গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্কঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিস্তল ও অত্যাধুনিক বার্মিজ চাকু হাতে নিয়ে ভীতিকর ভঙ্গিতে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বগুড়ায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও অপরাধের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া এলাকার মো. এরিন আহম্মেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার এলাকার মো. মিরাজুল (১৯)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য গণমাধ্যমকে জানান ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, সুইট নামের ওই যুবক হাতে অত্যাধুনিক বার্মিজ চাকু ও একটি পিস্তল নিয়ে বিশেষ ভঙ্গিতে অস্ত্র প্রদর্শন করেন। পরে তার এক সহযোগীর মাধ্যমে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক সৃষ্টির বিষয়টি প্রশাসন ও সচেতন মহলের নজরে আসে।

তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে বগুড়ার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর বিকেল ৫টা ৩৫ মিনিটে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুইট ও তার সহযোগী মিরাজুলকে গ্রেপ্তার করা হয়।

ডিবির ওসি বলেন, অভিযানে গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়। চাকুটি বন্ধ অবস্থায় ৪ দশমিক ১ ইঞ্চি দৈর্ঘ্যের বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অপরাধের কাজে ব্যবহারের অভিযোগে একটি ১৫০ সিসির রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

No comments