বগুড়ার সারিয়াকান্দিতে জমি বিরোধে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে জমিজমা ও গোচারণভূমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে এক সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৩ আগস্ট) রাতে পাকুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, একই গ্রামের নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সারিয়াকান্দি থানা পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

No comments