বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৫০ টাকায়
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার প্রভাবে বগুড়া শহরের রাজাবাজারে বেড়েছে বিভিন্ন সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পটল, বেগুন, ঢেঁড়স, কাঁচা মরিচসহ বেশ কয়েকটি সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এতে বাড়তি দামে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে অনেক সবজিক্ষেত পানিতে তলিয়ে গিয়ে ফসল নষ্ট হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চাহিদার তুলনায় আমদানি কম থাকায় দাম বেড়েছে। বর্তমানে পটল ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৭০-৮০ টাকা এবং কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে শসার দাম কিছুটা কম রয়েছে।
রাজাবাজারের ব্যবসায়ী দুলাল মণ্ডল বলেন, বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সবজির সংকট তৈরি হয়েছে। নতুন ফসল বাজারে এলে দাম আবার স্বাভাবিক হতে পারে। একই কথা জানিয়ে ব্যবসায়ী মোহাম্মদ মুক্তার হোসেন বলেন, এক সপ্তাহ আগেও বাজার স্বাভাবিক ছিল, কিন্তু টানা বৃষ্টিতে ক্ষেতের ক্ষতির কারণে এখন সবজির আমদানি অনেক কম।
ক্রেতা আব্দুর রহমান বলেন, আগে যে টাকায় পুরো বাজার করা যেত, এখন সেই টাকায় অর্ধেকও হচ্ছে না। আরেক ক্রেতা শহিদুল ইসলাম জানান, সবজির দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় কম পরিমাণে কিনতে হচ্ছে। তবে সংসারের প্রয়োজন মেটাতে বাধ্য হয়েই বেশি দামে বাজার করতে হচ্ছে।
ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং নতুন ফসল বাজারে উঠলে সবজির দাম ধীরে ধীরে কমে আসবে।

No comments